কুড়িগ্রাম
কালবৈশাখীর তাণ্ডবে নৌকাচাপায় মাঝির মৃত্যু, যুবক নিখোঁজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের চিলমারীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নৌকা চাপায় মিন্টু মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে ফরিদ হোসেন (৩২) নামে আরেক যুবক নিখোঁজ রয়েছেন।
সর্বশেষ রোববার (১৫ মার্চ) বিকেলের দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও ফরিদের সন্ধান মেলেনি। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কড়াইবরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু মিয়া ওই এলাকার শাহার উদ্দিনের ছেলে। নিখোঁজ ফরিদ হোসেন ইসহাক আলীর ছেলে।
আরো পড়ুন: ফেনীতে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে নিহত ১
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নিজেদের নৌকা দেখতে যান মিন্টু মিয়া ও ফরিদ হোসেন। ঝড়ের তীব্রতায় ঘাটে বাঁধা একটি নৌকার দড়ি ছিঁড়ে সেটি মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় ঝড়ের তাণ্ডবে ফরিদ হোসেন নদীতে পড়ে নিখোঁজ হন বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোববার সকাল ৯টার দিকে মিন্টু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে নিখোঁজ ফরিদ হোসেনকে উদ্ধারে স্বজন ও স্থানীয়রা শনিবার রাত থেকেই ব্রহ্মপুত্র নদে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আঙুর মিয়া ঝড়ের কবলে একজনের মৃত্যু ও একজনের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাটে বাঁধা নৌকা দেখতে গিয়েছিলেন তারা দুজন। ঝড়ে নৌকার রশি ছিঁড়ে ধাক্কায় মন্টু মিয়ার মৃত্যু হয়েছে। রোববার তাকে দাফন করা হয়েছে। ফরিদ এখনও নিখোঁজ রয়েছে।
চিলমারী মডেল থানার ডিউটি অফিসার এএসআই আসমা আক্তার বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
