বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৩৮ পিএম
পাকিস্তান ক্রিকেট দল। ছবি- সংগৃহীত
প্রথম টেস্টে হারের পর এবার দ্বিতীয় টেস্টেও বড় পরীক্ষার সামনে পাকিস্তান। সিলেট টেস্ট জিততে হলে রেকর্ড ৪৩৭ রান করতে হবে শান মাসুদের দলকে। তবে বিশাল এই লক্ষ্য সামনে রেখেও জয়ের আশা ছাড়ছেন না পাকিস্তানের বোলিং কোচ উমর গুল।
সোমবার (১৮ মে) ম্যাচের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে গুল বলেন,‘আমাদের হাতে এখনো দুটি দিন আছে। ক্রিকেটে আগে থেকে কিছু বলা যায় না। আবহাওয়া মেঘলা। এই রান তাড়া করা সম্ভব এবং আমরা মানসিকভাবে প্রস্তুত। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। পুরো দিন ব্যাটিং করতে পারলে সুযোগ আসবে। দুই দলের জন্যই ম্যাচটি উন্মুক্ত। তবে এত বড় রান তাড়া করতে হলে আমাদের সাহসী ও ইতিবাচক ক্রিকেট খেলতে হবে এবং ২–৩টি বড় জুটি গড়তে হবে।’
সিলেটের উইকেট নিয়ে পাকিস্তানের সাবেক এই পেসার বলেন,‘সত্যি বলতে, প্রথম দিন উইকেটে আর্দ্রতা (ময়েশ্চার) থাকায় বোলাররা সুবিধা পেয়েছিল। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে এটি পুরোপুরি ব্যাটিং উইকেটে পরিণত হয়েছে। পিচ এখনো ব্যাটিংয়ের জন্য বেশ ভালো।’
নিজেদের বোলারদের পারফরম্যান্স ও ভাগ্য নিয়ে গুল বলেন,‘বাংলাদেশি ব্যাটাররা সত্যিই ভালো ব্যাটিং করেছে। কিছু ক্ষেত্রে আমাদের ভাগ্য সহায় ছিল না। যেমন রিভিউ মিস করায় আমরা লিটন দাসকে দ্রুত আউট করতে পারিনি। তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। বোলাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু ফল আমাদের পক্ষে আসেনি।’
