পদ্মার দুই কাতল মাছ বিক্রি ৯১ হাজার টাকা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া দুটি বিশাল কাতল মাছ উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে ৯১ হাজার ৫০০ টাকায়। মাছ দুটির মোট ওজন প্রায় ৪৬ কেজি।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়ার দৌলতদিয়া মাছ বাজারে রেজাউল মন্ডল ও আনু খাঁর আড়ত থেকে মাছ দুটি ক্রয় করেন সম্রাট শাহজাহান শেখ।
নিলামে সাড়ে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে ৬২ হাজার ৭০০ টাকায় এবং ১৮ কেজি ওজনের আরেকটি কাতল মাছ প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়। মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৯১ হাজার ৫০০ টাকা।
স্থানীয় জেলেরা জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে জেলে এরশাদ হালদার ও জীবন হালদার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। ভোরে জাল তুলতেই দুটি বড় কাতল মাছ ধরা পড়ে। পরে মাছ দুটি দৌলতদিয়া বাজারে এনে ওজন করে দেখা যায়, একটি ২৮ কেজি ৫০০ গ্রাম এবং অন্যটি ১৮ কেজি।
ক্রেতা সম্রাট শাহজাহান শেখ জানান, তিনি উন্মুক্ত নিলামে মাছ দুটি কিনে নিয়েছেন এবং এখন অনলাইনে যোগাযোগের মাধ্যমে বিক্রির চেষ্টা করছেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মায় পানি কমে যাওয়ায় বড় মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলেরা ভালো দামে মাছ বিক্রি করতে পারছেন।
