ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ এএম
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেল পৌনে ৪টায় উপজেলার ঘোড়াকান্দা বালুর মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৬ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার বিকেল পৌনে ৪টার দিকে মসজিদপাড়া এলাকার একদল যুবক স্থানীয় বালুর মাঠে ক্রিকেট খেলছিলেন। এ সময় একই এলাকার ‘পলাশের মোড়’র যুবকরা সেখানে ফুটবল খেলতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পলাশের মোড়ের যুবকরা মসজিদপাড়ার এক যুবককে মারধর করলে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে বিকেল সোয়া ৪টার দিকে প্রথম দফায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যাতে অন্তত ১০ জন আহত হন।
এই ঘটনার সূত্র ধরে রাত সোয়া ৮টার দিকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষ দ্বিতীয় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী রণক্ষেত্রে পরিণত করে এলাকাটি। সংঘর্ষ চলাকালে বেশ কিছু দোকানপাট ও বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, ‘খেলা নিয়ে বিরোধের জেরে প্রথমে বিকেলে সংঘর্ষ শুরু হয়। পরে রাতে একই ঘটনার জেরে আবারো দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
