আবারো বাস পড়ল পদ্মায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:২৫ এএম
ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স বাসটি আনুমানিক সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে ফেরি কবরী কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পার্শ্বের র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। তবে এখন পর্যন্ত হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি ফেরিতে ওঠার আগে স্থানীয় প্রশাসন বাসের সব যাত্রী নামিয়ে ফেরিতে ওঠার নির্দেশনা দেয়। বিআইডব্লিউটিএ জানিয়েছে, বাসটি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়া ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহন’ বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
