এবার কমলো স্বর্ণ ও রুপার দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:০২ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দামে পতন দেখা গেছে।
আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার প্রতি আউন্স স্পট গোল্ডের দাম প্রায় ১ শতাংশ কমে ৪ হাজার ৬৮৫ দশমিক ৯৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও প্রায় ১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৬৯৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। এতে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের ভাষ্য, তেলের দাম বাড়লে কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াতে পারে। আর সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।
সাম্প্রতিক মার্কিন অর্থনৈতিক তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দেশটিতে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি টানা দ্বিতীয় মাসের মতো বেড়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার নিয়ে আশাবাদী রয়েছেন অনেক বিশ্লেষক। তাদের মতে, বর্তমান পরিস্থিতি কাটিয়ে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। মঙ্গলবার রুপার দাম ২ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৮৪ দশমিক ৬ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও পতন দেখা গেছে।
