চিটাগাং চেম্বারের ভোট ২৩ মে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:১৬ পিএম
ফাইল ছবি
চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তারিখ ফের ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ মে নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন বোর্ড।
সোমবার (১৮ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) ও চেম্বার নির্বাচন বোর্ড চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অর্ডিনারী ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম আগামী ২৩ মে নিরবচ্ছিন্নভাবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসায়ীদের আন্দোলনের মুখে পদত্যাগ করে ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন তৎকালীন চেম্বার পরিচালনা বোর্ড। ওই বছর ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বারের প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর থেকে প্রশাসক দিয়ে চলে আসছে ব্যবসায়ীদের এই সংগঠন।
চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ীদের ভোটে ১২ জন সাধারণ শ্রেণীতে এবং ৬ জন সহযোগী শ্রেণীতে পরিচালক নির্বাচিত হয়ে থাকেন। এছাড়া টাউন অ্যাসোসিয়েশনে তিনজন ও ট্রেড গ্রুপ শ্রেণী থেকে তিনজন পরিচালক নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। আর পরিচালকদের ভোটে নির্বাচিত হয়ে থাকে সভাপতি ও দুজন সহ-সভাপতি।
এবার টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের মোট ছয়জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এবারের সিসিসিআই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল দুটি হলো-এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম এবং অন্যটি সিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম নুরুল হকের নেতৃত্বাধীন সমমনা পরিষদ।
