অন্তর্বর্তী সরকারের আমলে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ডিপি ওয়ার্ল্ড আমাদের কাছে কিছুটা সময় চেয়েছেন, তবে আমাদের হাতে মাত্র দুই কার্যদিবস বাকি আছে, তাই এই সময়ের মধ্যে আর চুক্তি হচ্ছে না।’
এদিকে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে বন্দরের অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে বন্দরের জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙরসহ (আউটার লাইটারেজ) সব জায়গায় পণ্য খালাস ও পরিচালনা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ আজ সকাল সাড়ে ৯টায় প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে বন্দর ভবনের সম্মেলন কক্ষে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে।
এ বিষয়ে বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন বলেন, ‘ আজ সকাল ৮টা থেকে বন্দরে সব ধরনের কাজ বন্ধ রয়েছে। কর্মচারী ও শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম বলেন, ‘বন্দরের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
