পদত্যাগ করবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বিজেপির কাছে এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয় বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র কাজ করেছে।
মমতা বলেন, যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা।
রাজনৈতিক মহলে তাঁর পদত্যাগের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চললেও, বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এখনই পদত্যাগ করছেন না। বরং প্রতিকূল পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (৫ মে) ফল প্রকাশের পরদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমি তো হারিনি, পদত্যাগ করতে যাব কেন?” ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের পর তাঁর পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল নেত্রীর জবাব ছিল, “হারিনি তো, পদত্যাগ করব কেন?”
আরো পড়ুন : পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর শপথ যেদিন
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “১০০ আসন লুট করেছে বিজেপি।” তিনি বলেন, “কেন, কীসের জন্য পদত্যাগ করব? আমরা তো হারিনি যে পদত্যাগ করব। আমি যদি শপথ নিতে যেতাম তাহলে পদত্যাগ করতাম। এখন তো প্রশ্নই উঠছে না।” তিনি আরো বলেন, “জোর করে দখল করে কেউ যদি মনে করেন আমি পদত্যাগ করব, তা হবে না।”
সাংবাদিক বৈঠকের শুরু থেকেই তিনি তার অবস্থানে অনড় ছিলেন। তিনি দাবি করেছেন, “আমরা হারিনি। জোর করে আমাদের হারানো হয়েছে। ১০০ আসন লুট করা হয়েছে। আমরা তো বিজেপির বিরুদ্ধে লড়িনি, আমাদের লড়তে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ওরাই এই নির্বাচনের ভিলেন।”
