আরাকচি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম
ফাইল ছবি
‘হরমুজ প্রণালি শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বন্ধ আর বাকি বিশ্বের সবার জন্য উন্মুক্ত।’ এই কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
শনিবার মার্কিন ক্যাবল নিউজ চ্যানেল এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অন্য দেশের জাহাজগুলোর ক্ষেত্রে প্রণালিটি পার হতে কোনো বাধা নেই।
তবে ‘নিরাপত্তা উদ্বেগে’ অনেকেই তা করছে না জানিয়েছে তিনি বলেন, ‘এ বিষয়ে ইরানের কিছু করার নেই।’
তিনি বলেন, এখন অনেক ট্যাঙ্কার ও জাহাজ হরমুজ প্রণালি পার হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন, ‘হরমুজ প্রণালি বন্ধ করার ইরানি উদ্যোগে’ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ‘প্রণালিটি উন্মুক্ত ও নিরাপদ’ রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে পারে।
ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানালেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি আহত ও সম্ভবত বিকলাঙ্গ হয়ে গেছেন।
এর জবাব দিয়ে আরাকচি বলেছেন, ‘সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকাল তার বার্তা দিয়েছেন আর সংবিধান অনুযায়ী দায়িত্বপালন করে চলেছেন আর তা অব্যাহত রাখবেন।’
তিনি জোর দিয়ে বলেন, ইসলামিক প্রজাতন্ত্র সুপ্রতিষ্ঠিত আর কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল না, যে কোনো ব্যক্তিকে হারালেও তার শূন্যস্থান সিস্টেম পূরণ করে ফেলবে।
আরাকচি বলেন, ‘সবকিছু নিয়ন্ত্রণে আছে।’
শনিবার পরের দিকে ট্রাম্প দাবি করেন, তিনি শুনতে পাচ্ছেন যে মুজতাবা খামেনি ‘জীবিত নেই’।
এনবিসি নিউজকে তিনি বলেন, ‘তবে যদি তিনি জীবিত থাকেন তার দেশের জন্য খুব বুদ্ধিমানের মতো কিছু করা উচিত আর সেটা হচ্ছে আত্মসমর্পণ।’
