ফেসবুকে পোস্ট করে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম
নেপালের পদত্যাগ করা স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। ছবি- সংগৃহীত
ব্যক্তিগত বিনিয়োগ ও শেয়ার সংক্রান্ত বিষয়ে বিতর্কের মুখে পড়ে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। আজ বুধবার (২২ এপ্রিল) ৩৮ বছর বয়সী এই মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী তিনি দ্বিতীয় সদস্য।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুদান গুরুংয়ের শেয়ার ব্যবসা ও অন্যান্য আর্থিক সংশ্লিষ্টতা নিয়ে সম্প্রতি জনমনে প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে গুরুং জানান, নৈতিক কারণে এবং জনআস্থার প্রতি শ্রদ্ধা রেখে তিনি পদ ছাড়ছেন। তিনি লিখেছেন, ‘আমার কাছে পদের চেয়ে নীতিবোধ বড় এবং জনআস্থার চেয়ে শক্তিশালী কিছু নেই। আমার বিষয়ে ওঠা প্রশ্নগুলোর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।’
সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সম্প্রতি আলোচনায় এসেছিলেন সুদান গুরুং। গত সেপ্টেম্বরে ‘জেন-জি’ বিক্ষোভ দমনের দায়ে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছিলেন তিনি। তবে নিজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় তিনি দায়িত্বে না থাকার সিদ্ধান্ত নিলেন।
প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর সহযোগী দীপা দাহাল জানিয়েছেন, গুরুংয়ের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই পালন করবেন।
র্যাপার থেকে রাজনীতিতে আসা ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ গত মাসের নির্বাচনে বিপুল জয় পায়। দুর্নীতি দমন ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা এই সরকার শুরুতেই শুদ্ধি অভিযানের মুখে পড়েছে। চলতি মাসের শুরুতে পদের অপব্যবহার করে স্ত্রীকে সরকারি পদে বসানোর অভিযোগে শ্রমমন্ত্রী দীপক কুমার শাহকেও বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী বালেন্দ্র।
