জ্বালানী সংগ্রহে ৩’শ কৃষকের হাতে ফুয়েল কার্ড
মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ীতে জমিতে সেচ, ফসল মাড়াইসহ কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতির জন্য জ্বালানি সংগ্রহ সহজতর করতে কৃষকদের মাঝে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের সেচ সুবিধা সহজ করতে এবং ভোগান্তিহীন জ্বালানি সংগ্রহ নিশ্চিত করার লক্ষ্যে এই ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু করা হয়েছে। উদ্বোধনী দিনে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার তিন শতাধিক আবেদনকারী কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। এখন থেকে কৃষকরা এই কার্ড ব্যবহার করে উপজেলার সকল পাম্প ও অনুমোদিত বিক্রয় কেন্দ্র থেকে কোনো প্রকার হয়রানি ছাড়াই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা রিছিল এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ এ ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, "উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের আবেদনের প্রেক্ষিতে আজ তিন শতাধিক কৃষকের মাঝে এই ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। আবেদনের সময় এখনও চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে সকল কৃষককেই এই কার্ড প্রদান করা হবে। আমরা আশা করছি, এই উদ্যোগের ফলে কৃষকরা নির্বিঘ্নে ফসলের জমিতে সেচ দিতে পারবেন এবং কৃষি যন্ত্রপাতি চালাতে পারবেন।
