যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:১১ পিএম
নাহিদা সুলতানা বৃষ্টি। ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহর থেকে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ বিভাগ বৃষ্টির ভাইকে টেলিফোনে বিষয়টি নিশ্চিত করে জানায়, দ্বিতীয় যে মরদেহটি উদ্ধার করা হয়েছে তা বৃষ্টির।
গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। এর আগে ২৪ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছিল। একই স্থান থেকে উদ্ধারকৃত মানবদেহের খণ্ডিত অংশগুলো পরীক্ষা করে পুলিশ এখন বৃষ্টির পরিচয় শনাক্ত করেছে।
মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। বৃষ্টির পরিবার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার টাম্পার একটি মসজিদে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানান ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।
এই নির্মম হত্যাকাণ্ডের অভিযোগে লিমনের রুমমেট ও যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিশামকে জিজ্ঞাসাবাদের পর কয়েকটি আবর্জনা ফেলার ব্যাগে লিমনের মরদেহের অংশ খুঁজে পাওয়া গিয়েছিল। বর্তমানে অভিযুক্ত হিশাম পুলিশি হেফাজতে রয়েছেন এবং হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে।
নিহত দুই শিক্ষার্থীই পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
