চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি- সংগৃহীত
দেশের জ্বালানি চাহিদা মেটাতে চীন ও ভারত থেকে আমদানি করা ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (১ মে) ও শনিবার (২ মে) আসা এই জ্বালানি দিয়ে দেশের বর্তমান দৈনিক চাহিদ অনুযায়ী প্রায় চার দিনের প্রয়োজন মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন জানায়, শুক্রবার বিকেলে লাইবেরিয়ার পতাকাবাহী 'লিলা কিংস্টন' ১৯ হাজার টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। পরদিন শনিবার ভোরে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবদিয়া এঙ্করেজে পৌঁছায় পানামার পতাকাবাহী 'প্রাইভেট সোলানা'। আমদানিকৃত এই জ্বালানি দেশের নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন,'বর্তমানে ডলফিন জেটি ও বহির্নোঙর মিলিয়ে বন্দরে সাতটি জ্বালানি তেলবাহী জাহাজ রয়েছে। এর মধ্যে একটি জাহাজ থেকে তেল খালাস কার্যক্রম চলছে।' প্রতিদিন দেশে গড়ে ১২ হাজার ৫০০ টন ডিজেলের চাহিদা থাকে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ২০টি জাহাজে মোট ৬ লাখ ৫ হাজার টন জ্বালানি তেল আমদানি করেছে তারা। চলতি মে মাসেও ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
