কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৬৯ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:২৫ পিএম
ছবি: সংগৃহীত
আফ্রিকার দেশ কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তিন দশকেরও বেশি সময় ধরে পূর্বাঞ্চলীয় কঙ্গো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে খনিজ ও স্বর্ণখনির নিয়ন্ত্রণ নিয়ে এসব গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে।
উগান্ডা ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী স্বর্ণসমৃদ্ধ ইতুরি প্রদেশে হেমা ও লেন্দু -এই দুই জাতিগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের সহিংস বিরোধ চলছে।
স্থানীয় সূত্র ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এএফপি জানায়, লেন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি করা ‘কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো’ (কোডেকো) জোটভুক্ত সশস্ত্র সদস্যরা গত ২৮ এপ্রিল কয়েকটি গ্রামে হামলা চালায়।
এর আগে হেমা সম্প্রদায়ের পক্ষে লড়াইয়ের দাবি করা আরেক সশস্ত্র গোষ্ঠী ‘কনভেনশন ফর দ্য পপুলার রেভল্যুশন’ (সিআরপি) পিম্বো এলাকার কাছে কঙ্গোর সেনাবাহিনীর (এফএআরডিসি) অবস্থানে হামলা চালিয়েছিল। এর জের ধরেই পাল্টা হামলা চালায় কোডেকো যোদ্ধারা।
স্থানীয় সিভিল সোসাইটি নেতা দিয়োদোনে লোসা এএফপিকে জানান, এপ্রিলের শেষদিকে কোডেকোর হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
নাম প্রকাশ না করার শর্তে দুই নিরাপত্তা সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। একটি সূত্র জানায়, নিহতদের মধ্যে ১৯ জন মিলিশিয়া সদস্য ও সেনাও রয়েছেন।
কোডেকো যোদ্ধাদের উপস্থিতির কারণে কয়েকদিন ধরে নিহতদের মরদেহ উদ্ধার কাজ ব্যাহত হয় বলেও জানিয়েছে সূত্রগুলো।
