কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি- সংগৃহীত
নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১১ মে) সকালে এ দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
ইস্তাম্বুল থেকে আসা ফ্লাইটটিতে ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা) বিমানটি রানওয়ে স্পর্শ করার কয়েক মুহূর্তের মধ্যেই এক পাশের দুটি চাকায় আগুন ধরে যায়।
আগুন লাগার পরপরই দ্রুততার সঙ্গে জরুরি নির্গমন স্লাইড ব্যবহার করে সব যাত্রী ও ক্রুকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন যাত্রী আহত হলেও কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। বিমানবন্দরের অগ্নিনির্বাপক দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ত্রিভুবন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা এসপি রাজকুমার ভারতী জানান, আগুন নেভানোর পাশাপাশি আরোহীদের দ্রুততম সময়ের মধ্যে নামিয়ে আনা হয়েছে।
দুর্ঘটনার কবলে পড়া বিমানটি রানওয়েতে আটকে থাকায় বিমানবন্দরে কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়। এর ফলে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইটকে আকাশে অপেক্ষা করতে হয় অথবা অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা ইতিমধ্যে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
