আমিরাতের উপকূলে জাহাজ আটক, নেওয়া হচ্ছে ইরানের জলসীমায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:২০ পিএম
ছবি- সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছ থেকে একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। জাহাজটি বর্তমানে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। আজ বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, আমিরাতের ফুজাইরাহ উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নোঙর করা অবস্থায় জাহাজটি জব্দ করা হয়। এরপর সেটিকে গতিপথ পরিবর্তন করে ইরানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জাহাজটিতে কারা কেন অবস্থান নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অস্থিরতা বিরাজ করছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির পরও এই রুটে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। বর্তমানে হরমুজ প্রণালি কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।
বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবহন করা হয়। গত রোববার দক্ষিণ কোরিয়া জানায়, তাদের একটি কার্গো জাহাজে ড্রোন হামলা হয়েছে। কাতার পরে নিশ্চিত করে, আমিরাত থেকে তাদের জলসীমার দিকে যাওয়ার সময় জাহাজটি আক্রান্ত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ আগে শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালি মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। তবে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি না দেওয়ায় সেই অভিযান থেকে পিছিয়ে আসে ট্রাম্প প্রশাসন। যদিও পরে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি অভিযান স্থগিত করেছেন।
