নিষিদ্ধ সশস্ত্রগোষ্ঠীর শীর্ষ নেতাকে হত্যার দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:৫১ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত
বিশ্বব্যাপী নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠী আইএসের (আইএসআইএল) দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি যৌথ অভিযানে নিহত হয়েছেন। নাইজেরিয়ার মাটিতে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ অভিযানে তিনি নিহত হন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার (১৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন। ট্রাম্প বলেন, 'সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের অন্যতম সক্রিয় এই সন্ত্রাসীকে নির্মূল করতে একটি সুপরিকল্পিত ও জটিল অভিযান নিখুঁতভাবে সম্পন্ন করেছে।'
তিনি আরও বলেন,'আইএসের বৈশ্বিক কার্যক্রমের দ্বিতীয় প্রধান আল-মিনুকি ভেবেছিল সে আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবে। কিন্তু সে জানত না যে আমাদের কাছে তার প্রতিটি কার্যকলাপের সুনির্দিষ্ট তথ্য ছিল।' এই সফল অভিযানের জন্য নাইজেরীয় সরকারকে ধন্যবাদ জানালেও ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেননি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে, আল-মিনুকি সাহেল অঞ্চলভিত্তিক আইএসের শীর্ষ নেতা এবং গোষ্ঠীটির প্রশাসনিক শাখা ‘জেনারেল ডিরেক্টরেট অফ প্রভিন্সেস’-এর অন্যতম নীতি নির্ধারক ছিলেন। এই শাখাটিই বিশ্বজুড়ে আইএসের সন্ত্রাসী হামলা ও অর্থায়ন নিয়ন্ত্রণ করে। সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ২০২৩ সাল থেকে তিনি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন। আল-মিনুকির মৃত্যুর ফলে আইএসের বৈশ্বিক তৎপরতা ব্যাপকভাবে হ্রাস পাবে বলে দাবি করেন ট্রাম্প।
উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত থেকে খ্রিস্টান সম্প্রদায়কে রক্ষা করতে নাইজেরীয় সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে গত কয়েক মাস ধরে অভিযোগ করে আসছিল ওয়াশিংটন। তবে নাইজেরিয়ার রাজধানী আবুজা এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, জঙ্গিরা দেশের মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়কেই লক্ষ্যবস্তু করছে।
এর আগে গত বছরের বড়দিনের সময় নাইজেরিয়ার সোকোতো রাজ্যে আইএসের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। এরপর থেকে দেশটিতে উগ্রবাদীদের দমনে প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানের জন্য শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
