হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন নিয়ম চালু করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি- সংগৃহীত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নতুন তদারকি ব্যবস্থা ও অনুমতি প্রক্রিয়া চালু করেছে ইরান। গত বুধবার (২০ মে) দেশটির কর্তৃপক্ষ নতুন এই নজরদারি অঞ্চলের সীমানা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
ইরানের হরমুজ প্রণালি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন তদারকি অঞ্চলটি ইরানের কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ আল-ফুজাইরাহ এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুয়াইন পর্যন্ত বিস্তৃত।
নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত যোগাযোগ ফ্রিকোয়েন্সির আওতায় থাকা সব জাহাজকে এই জলপথ অতিক্রমের আগে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিতে হবে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য অতিরিক্ত শর্ত আরোপ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। নতুন শর্ত অনুযায়ী, জাহাজগুলোকে একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে। সেখানে নিশ্চিত করতে হবে যে, সংশ্লিষ্ট জাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো সম্পর্ক নেই।
প্রতিবেদনে আরও বলা হয়, নতুন এই অনুমতি প্রক্রিয়ার কারণে জাহাজ চলাচলে এক সপ্তাহ পর্যন্ত বিলম্ব হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ফি দিতে হতে পারে দেড় লাখ ডলারেরও বেশি। তবে এই প্রক্রিয়ায় রাশিয়া ও চীনের জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওমানের সহযোগিতায় কয়েকটি দেশের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার চেষ্টা করছে তেহরান।
তিনি আরও বলেন,‘আমরা অনেক দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি, যাতে তাদের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে পারে।’ তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন কোনো কর্মকাণ্ড ইরান মেনে নেবে না।
