বেনাপোলে যাত্রী হয়রানি প্রতিরোধে যৌথ মহড়া
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি: নিজস্ব
যশোরের বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় পাসপোর্ট যাত্রীদের হয়রানি ও প্রতারণা প্রতিরোধে জেলা গোয়েন্দা (ডিবি), পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের যৌথভাবে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় টার্মিনালের সামনে আয়োজিত এ মহড়ায় যশোর জেলা ডিবি পুলিশের একটি দল, বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।
মহড়ার মূল লক্ষ্য ছিলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সক্রিয় দালাল চক্রের প্রতারণা ও হয়রানি রোধে সচেতনতা বৃদ্ধি করা। এ সময় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে টার্মিনাল এলাকায় নজরদারি জোরদার করেন এবং সন্দেহভাজন কার্যক্রমের ওপর বিশেষ তৎপরতা চালান।
এছাড়া, মহড়ার অংশ হিসেবে মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সতর্ক করা হয়। যাত্রীদের উদ্দেশে বলা হয়, কোনো দালাল বা প্রতারকের প্রলোভনে পা না দিতে এবং প্রয়োজন হলে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিতে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) ওবায়দুর রহমান জানান, যাত্রীসেবার মানোন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
