খুলনা প্রেসক্লাবে হামলা, সাংবাদিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:১১ পিএম
ছবি : সংগৃহীত
খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে প্রেসক্লাবে প্রচারণা চলছিল। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত ভেতরে ঢুকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা সভাপতি প্রার্থী ও খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ারের নাম ধরে গালাগাল করতে থাকে।
এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী ও একটি বেসরকারি টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. তরিকুল ইসলামসহ কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। তরিকুল ইসলামের দাবি, হামলাকারীদের কাছে ধারালো অস্ত্র ছিল এবং নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
হামলার পরপরই প্রেসক্লাবে থাকা সাংবাদিকরা প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
সংহতি জানিয়ে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেন, প্রেসক্লাবের নির্বাচনের আগে এমন ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। বহিরাগত সন্ত্রাসীরা একজন প্রার্থীকে খুঁজছিল -তাদের আচরণে প্রাণনাশের আশঙ্কাও ছিল।
সাংবাদিক নেতারা সতর্ক করে বলেন, ৩০ এপ্রিলের নির্বাচন বানচাল করতে একটি পক্ষ এ ধরনের হামলা চালাচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একইসঙ্গে আগামীকাল (২৭ এপ্রিল) দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে।
একজন সাংবাদিক দাবি করেন, হামলাকারীদের মধ্যে দুজনকে শনাক্ত করা গেছে -তারা স্থানীয় একটি শ্রমিক ইউনিয়নের নেতা এবং শ্রমিক দলের এক নেতার সহযোগী বলে অভিযোগ রয়েছে।
