পাশাপাশি বাবা-ছেলের নামফলক
১৯৭৬ থেকে ২০২৬: একই খালে ইতিহাসের পুনরাবৃত্তি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
যশোরের শার্শায় উলশী-যদুনাথপুর খাল পুনঃখননকে ঘিরে পঞ্চাশ বছর পর পাশাপাশি দেখা গেল বাবা ও ছেলের নামফলক। একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে খনন হওয়া খালটি এবার পুনঃখননের উদ্বোধন করেছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কোদাল দিয়ে মাটি কেটে এ খনন কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে তিনি দেশের তিনটি স্থানে খাল খনন কর্মসূচিতে অংশ নেন। উদ্বোধন শেষে খালপাড়ে সুধী সমাবেশে অংশগ্রহণ করেন তিনি।
এর আগে খালপাড়ে একটি ফলক উন্মোচন করা হয়, যাতে লেখা রয়েছে ‘যশোর জেলার শার্শা উপজেলাধীন উলশী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, ২৭ এপ্রিল, ২০২৬।’
শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খাল ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খননের উদ্বোধন করেছিলেন জিয়াউর রহমান। এটি ‘জিয়া খাল’ নামে পরিচিত। পাঁচ দশক পর খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুনঃখনন করা হচ্ছে।
১৯৭৬ সালের ১ নভেম্বর বেতনা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের সময় জিয়াউর রহমান সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন। উলশী-যদুনাথপুর খাল খনন প্রকল্পের সেই সময়ের ফলক এখনো সংরক্ষিত রয়েছে। এতে উল্লেখ আছে- ‘উলশী-যদুনাথপুর বেতনা নদীর সংযোগ প্রকল্প। দেশব্যাপী স্বেচ্ছাশ্রম ভিত্তিক গণউপযোগ অনুগামী প্রকল্প বাস্তবায়নে সামাজিক আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে উদ্বোধন করেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ১ নভেম্বর ১৯৭৬।’
