খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা
বাবুল আকতার, খুলনা
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি : সংগৃহীত
খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তদের অনধিকার প্রবেশ, সভাপতি প্রার্থীকে হুমকি এবং সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হন। পরে তারা মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং জোরপূর্বক কোনো সংগঠন দখলের নীতিকে সমর্থন করে না। যারা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকে, তবে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, এস এম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কেইউজের সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, মুন্সী আবু তৈয়ব, মোতাহার রহমান বাবু, এহতেশামুল হক শাওন, মোল্লা হেদায়েত হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
এদিকে সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় রবিবার রাতে খুলনা থানায় মামলা হয়েছে। প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত বাদী হয়ে মামলাটি করেন। এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, রবিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ বেআইনিভাবে খুলনা প্রেসক্লাবে প্রবেশ করে এবং সাংবাদিকদের ওপর হামলা চালায়।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই বিশ্বজিৎ বসু জানান, রাতেই মামলাটি রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।
