×

খুলনা

বাঘবিধবা থেকে উদ্যোক্তা: মাহফুজার সংগ্রামী জীবন

Icon

মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ পিএম

বাঘবিধবা থেকে উদ্যোক্তা: মাহফুজার সংগ্রামী জীবন

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরে জ্বালানি তেলের সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষারত মানুষের ভরসা হয়ে উঠেছেন বাঘবিধবা মাহফুজা খাতুন। চা, পানি, ডিম ও হালকা খাবার বিক্রি করে চলছে তার সংসার।

উপজেলার মুন্সিগঞ্জ ডেলমা ফিলিং স্টেশনে সপ্তাহে তিন দিন তিনটি ইউনিয়নের জন্য তেল সরবরাহ করা হয়। তেল নেওয়ার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকেরা আগের দিন থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন। সেই অপেক্ষারত মানুষদের জন্য গভীর রাত থেকে পরদিন রাত ৯-১০টা পর্যন্ত দোকান খুলে বসেন মাহফুজা।

২০০২ সালে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে স্বামী সাত্তার নিহত হন। এরপর দুই সন্তানকে নিয়ে কঠিন সংগ্রামের জীবন শুরু হয় তার। নদীতে জাল টানা থেকে শুরু করে দিনমজুরি করে সন্তানদের বড় করেছেন। বর্তমানে ছেলে মাহফুজুর রহমানকে সঙ্গে নিয়ে ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী ছাউনি টানিয়ে চায়ের দোকান চালাচ্ছেন।

মাহফুজা বলেন, “স্বামী বেঁচে থাকতে কখনো বাইরে কাজ করতে হয়নি। এখন সন্তানদের নিয়ে নানা কাজ করে সংসার চালিয়েছি। দুই সপ্তাহ হলো এখানে দোকান দিচ্ছি। ভালোই বিক্রি হচ্ছে। কিন্তু টাকার অভাবে বেশি পণ্য তুলতে পারি না।”

তিনি জানান, তেলের লাইনে থাকা মানুষের সবচেয়ে বেশি চাহিদা পানি ও স্যালাইন। তীব্র গরমে অনেকেই পানির জন্য কষ্ট পান। পর্যাপ্ত পুঁজি থাকলে তিনি আরও বেশি পণ্য রাখতে পারতেন। বর্তমানে তার দৈনিক বিক্রি ২ থেকে ৩ হাজার টাকার মতো। ধারদেনা করে পণ্য কিনে দোকান চালাতে হচ্ছে তাকে।

বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান বলেন, “যাদের স্বামী সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত হয়েছেন, সেই বাঘবিধবা নারীরা সমাজের সামনে দাঁড়িয়ে জীবিকা নির্বাহ করছেন। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সরকার ও বেসরকারি সংস্থার দায়িত্ব।”

গবেষণা প্রতিষ্ঠান বারসিকের প্রোগ্রাম কর্মকর্তা মফিজুর রহমান বলেন, তেলের সংকটের সময়ে মাহফুজার এই উদ্যোগ শত শত মানুষের জন্য সহায়ক হয়ে উঠেছে। পর্যাপ্ত সহায়তা পেলে তিনি আরও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু বলেন, “ইউনিয়নে অনেক বাঘবিধবা রয়েছেন। তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করি। মাহফুজাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম ও উপসর্গে দেশে আরো ৯ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে দেশে আরো ৯ শিশুর মৃত্যু

টানা ৪ দিন ৮ বিভাগে ভারী বর্ষণ, ভূমিধসের শঙ্কা

টানা ৪ দিন ৮ বিভাগে ভারী বর্ষণ, ভূমিধসের শঙ্কা

পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু

পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু

ভাইরাল ছবি নিয়ে যে ব্যাখ্যা দিলেন মুসাদ্দিক

ভাইরাল ছবি নিয়ে যে ব্যাখ্যা দিলেন মুসাদ্দিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App