হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬ নৌযান ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:৫৯ এএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন বসানো নৌযান ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। খবর গার্ডিয়ানের।
সেন্টকমের দাবি অনুযায়ী, ইরানের সম্ভাব্য নৌমাইন স্থাপনের প্রস্তুতি নস্যাৎ করতে এই অভিযান চালানো হয়েছে। এতে হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান করা ১৬টি মাইন-বহনকারী নৌযান “নিষ্ক্রিয়” বা ধ্বংস করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানের ১০টি নিষ্ক্রিয় মাইন-স্থাপনকারী নৌযানে হামলা চালিয়ে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, যদি ইরান ওই গুরুত্বপূর্ণ নৌপথে মাইন স্থাপন করে থাকে, তবে তা অবিলম্বে সরিয়ে নিতে হবে, অন্যথায় ইরানকে নজিরবিহীন সামরিক পরিণতির মুখে পড়তে হবে।
আরো পড়ুন : গুঞ্জনের মাঝেই ভিডিও বার্তা দিলেন নেতানিয়াহু
তবে এর কিছুক্ষণ আগেই ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে ইরান মাইন স্থাপন করেছে, এমন কোনো নিশ্চিত তথ্য তখনো পাওয়া যায়নি।
এরই মধ্যে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, ইরান ওই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নৌমাইন মোতায়েনের প্রস্তুতি নিতে পারে, যার উদ্দেশ্য হতে পারে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করা।
এদিকে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েক দিনে ওই অঞ্চলে কয়েক ডজন নৌমাইন স্থাপন করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে ধারণা করা হচ্ছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে সেখানে সামরিক উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
