ট্রাম্পের নির্ধারিত সময়ের মধ্যে ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ এএম
ছবি : সংগৃহীত
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতের মধ্যে ইরানকে তার শর্ত অনুযায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানের ওপর কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
তবে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই সময়সীমার মধ্যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ দুই দেশের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে, সেগুলোর ব্যবধান অনেক বেশি এবং এত স্বল্প সময়ে সেগুলো সমাধান করা কঠিন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ট্রাম্প তার ঘনিষ্ঠদের কাছে স্বীকার করেছেন যে চুক্তি হওয়ার ব্যাপারে তিনি খুব বেশি আশাবাদী নন। যদিও আলোচনার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও তিনি মনে করেন।
আরো পড়ুন : ‘এক রাতেই’ ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই ইরানের সেতু ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার নির্দেশ দিতে পারেন। তবে এ সম্ভাবনা নিয়ে তার নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যেতে পারে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ট্রাম্প হামলার নির্দেশ দেবেন কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লেভেট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কী সিদ্ধান্ত নেবেন, তা একমাত্র তিনিই জানেন। খুব শিগগিরই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
