হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ২ দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও ওমান। এই ফি থেকে সংগৃহীত অর্থ পুনর্গঠন কাজে ব্যবহার করা হবে।
বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে সিএনএন জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত বন্ধ ছিল। যুদ্ধবিরতির আগে এই রুটে জাহাজ চলাচল মাত্র ৫ শতাংশ। পাকিস্তান ও ভারত তাদের পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচলের জন্য ইরানের সঙ্গে আলাদা আলোচনার মাধ্যমে বিশেষ নিশ্চয়তা পেয়েছে।
ইরান প্রতিটি জাহাজ থেকে ২০ লাখ ডলার (প্রায় ২৪ কোটি টাকা) পর্যন্ত ফি নেওয়ার পরিকল্পনা করছে। তবে এখনো জানা যায়নি যে কোনো জাহাজ এই অর্থ পরিশোধ করেছে কি না।
আরো পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে অভিযান চালাবে ইসরায়েল
এদিকে, বুধবার (৮ এপ্রিল) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তারা এই সিদ্ধান্তকে সমর্থন করছে। তবে শর্ত হলো, ইরান অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ অঞ্চলীয় দেশগুলোর ওপর হামলা বন্ধ রাখবে।
হোয়াইট হাউসও নিজেদের বিজয় দাবি করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সফল হয়েছে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে কঠিন দরকষাকষার সুযোগ দিয়েছে এবং দীর্ঘমেয়াদি শান্তির পথ প্রশস্ত করেছে।
