×

জাতীয়

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। এতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে বিলটি পাস হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সন্ত্রাসবিরোধী বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি ‘হ্যাঁ’ ভোটে জয়যুক্ত হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে থেকেই দেশে সন্ত্রাসবিরোধী আইন থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়, যার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয় বলে উল্লেখ করেন তিনি।

এর আগে, বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

৭৫ বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দলটি। তবে টানা ১৭ বছর ক্ষমতায় থাকার সময় গুম, খুন এবং ভোটাধিকার হরণের অভিযোগ ওঠে দলটির বিরুদ্ধে। সর্বশেষ কোটা বিরোধী আন্দোলন দমনে গণহত্যার অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে দলটির সাধারণ সম্পাদক দেশের বাইরে অবস্থান করছেন। এছাড়া শীর্ষ নেতাদের অধিকাংশই পলাতক, কেউ কেউ কারাগারে রয়েছেন।

২০২৪ সালের আগস্টে ক্ষমতা হারানোর পর থেকেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যাদের অনেকেই বর্তমানে এনসিপির সঙ্গে যুক্ত। তাদের দাবির মুখে ওই বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে।

এরপর সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ বিদেশে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জোরালো হলে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। তবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকার সেই প্রজ্ঞাপন বাতিল করে দেয়।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ সংসদে অনুমোদন না পেলে তা বাতিল হয়ে যেত এবং আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হতো। কিন্তু সংশোধিত আকারে বিল পাস হওয়ায় সেই সুযোগ আর থাকছে না।

তাদের মতে, কোনো অপরাধ হলে তার বিচার করার এখতিয়ার আদালতের। আদালতের রায়ের ভিত্তিতে সরকার ব্যবস্থা নিতে পারে, তবে সরাসরি একটি দলকে নিষিদ্ধ করা বিতর্কিত হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ একাত্তরেও নিষিদ্ধ হয়েছিল। এখন মামলা হলে আদালত রায় দিত। কিন্তু সরকার সে পথে যাচ্ছে না। জনগণ ভোট না দিলে দলটি নিজেই দুর্বল হয়ে পড়ত। কিন্তু সরকার ও সমমনা দলগুলো এখনো আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে বলেই নিষিদ্ধ রাখছে, যা প্রতিহিংসা হিসেবে দেখা হতে পারে।

আরো পড়ুন : শিরীন শারমিনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরীন বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা ইতিহাসে ইতিবাচক ফল বয়ে আনেনি। তার মতে, আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছে। জনগণ দলটিকে গ্রহণ করবে কি না তা যাচাইয়ের সুযোগ নষ্ট হয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধ করা সাময়িক তৃপ্তি দিলেও দীর্ঘমেয়াদে এটি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।

রোববার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেন, এর মাধ্যমে বিএনপিকে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দায় নিতে হবে এবং ভবিষ্যতে এর পরিণতিও তাদেরই ভোগ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে ব্যাপক সমর্থন রয়েছে। জনমত পরিবর্তিত হচ্ছে এবং তা আরো তীব্র হচ্ছে। এই বাস্তবতায় আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় সংগ্রাম চালিয়ে যাবে এবং দেশের জনগণকে সঙ্গে নিয়েই লড়াই করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা

১০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা

ভাড়ার বিনিময়ে শিক্ষার্থীদের সরকারি বাসে সাধারণ যাত্রী

ভাড়ার বিনিময়ে শিক্ষার্থীদের সরকারি বাসে সাধারণ যাত্রী

আলফাডাঙ্গায় শিক্ষার্থীকে হামলার ঘটনায় ধোঁয়াশা-বিতর্ক

আলফাডাঙ্গায় শিক্ষার্থীকে হামলার ঘটনায় ধোঁয়াশা-বিতর্ক

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’

হাসনাত আবদুল্লাহ বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App