শনিবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:২৬ পিএম
ছবি : সংগৃহীত
বাতিরকল ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল শনিবার (১৬ মে) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৫ মে) ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, উপকেন্দ্রটির পাওয়ার ট্রান্সফরমার, ৩৩ কেভি ব্রেকার, সিটি ও ১১ কেভি বাসের জরুরি মেরামত কাজের জন্য এ সময় বাতিরকল উপকেন্দ্রের সব ১১ কেভি ফিডার বন্ধ রাখা হবে।
এ কারণে নতুন বাজার, কলেজ রোড, কাচিঝুলি, গোলাপজান রোড, পুলিশ লাইন, খাগডহর, জেলখানা, উত্তরা, সাহেব কোয়ার্টার, জয়নুল আবেদিন পার্ক, কাচারীঘাট, গোলপুকুরপাড়, সিটি কর্পোরেশন, বড় বাজার, ছোট বাজার, জুবলী ঘাট, বড় কালীবাড়ি, গুদারা ঘাট, গাংগিনারপাড়, সি কে ঘোষ রোড, আমলাপাড়া, দুর্গাবাড়ি ও গার্লস স্কুল রোডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ ভোগান্তির জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
