মমতার আইনজীবী হিসেবে যোগ্যতার প্রমান চাইল বার কাউন্সিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:১৪ পিএম
আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- সংগৃহীত
কলকাতা হাইকোর্টে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে সওয়াল করা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই)। মমতার পেশাগত যোগ্যতা ও আইনজীবী হিসেবে তার নিবন্ধনের বৈধতা যাচাই করতে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে জরুরি ভিত্তিতে রিপোর্ট চাওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ মে) কলকাতা হাইকোর্টে নির্বাচন পরবর্তী সহিংসতা ও বুলডোজার দিয়ে উচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় কালো কোট ও সাদা ব্যান্ড পরে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পরই নড়েচড়ে বসে বিসিআই।
পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সচিবের কাছে পাঠানো চিঠিতে বিসিআই জানতে চেয়েছে, দীর্ঘ সময় একটি সাংবিধানিক পদে থাকার পর মমতার আইনজীবী হিসেবে নিবন্ধিত থাকার প্রক্রিয়াটি যথাযথ কি না। চিঠিতে ১৬ মের মধ্যে মমতার এনরোলমেন্ট নম্বর ও তারিখ, মুখ্যমন্ত্রী থাকাকালে তার প্র্যাকটিস স্থগিত করা হয়েছিল কি না এবং পুনরায় প্র্যাকটিস শুরুর জন্য কোনো আবেদন করা হয়েছে কি না—এমন সব বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এছাড়া তদন্ত চলাকালে কোনো নথিপত্র পরিবর্তন বা সংশোধন না করার বিষয়েও সতর্ক করেছে কেন্দ্রীয় বার কাউন্সিল। এই ঘটনা ভারতের আইন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
