দুর্ভোগ কমাতে সেতু নির্মাণ করে দিলেন বিএনপি নেতা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি: সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ীতে পাঁচ গ্রামের কৃষকদের ফসল পারাপার ও জনদুর্ভোগ লাঘবে খালের ওপর নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহসভাপতি পলাশ মিয়া ফারুক। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ সেতু নির্মাণ করা হয়। মঙ্গলবার দুপুরে কৃষকদের উপস্থিতিতে সেতুটি উদ্বোধন করা হয়।
স্থানীয় আব্দুল জলিল, সাইফুল ইসলাম, আয়নাল হকসহ একাধিক কৃষক জানান, দীর্ঘদিন ধরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া, রুদ্র বয়ড়া, গোবিন্দনগর, বগারপাড় ও ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়াসহ কয়েকটি গ্রামের কৃষকদের উৎপাদিত ফসল গোবিন্দনগর খালের ওপর রাস্তা না থাকায় পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
তাঁরা বলেন, এ এলাকার কথা শুনলে অনেক সময় বাজারদরের চেয়ে বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যেত না। ফসল পারাপার কষ্টসাধ্য হওয়ায় ধান কাটার শ্রমিকও পাওয়া যেত না। পরে বিষয়টি জানতে পেরে পলাশ মিয়া ফারুক নিজ উদ্যোগে কৃষকদের দুর্ভোগ কমাতে খালের ওপর একটি কাঠের সেতু নির্মাণ করে দেন। এতে এখন কৃষকদের উৎপাদিত ফসল সহজেই পারাপার করা যাচ্ছে।
পলাশ মিয়া ফারুক বলেন, “বাংলাদেশের প্রথম নাগরিক হিসেবে কৃষকদের সম্মান দেওয়া উচিত। কৃষকের ঘাম, পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের পাশে দাঁড়ানো শুধু পেশাগত দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ ও উৎপাদন উপকরণের পাশাপাশি তাঁদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”
