বিশ্বের ৪ শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, ঢাকার অবস্থা কী?
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
ফাইল ছবি
বিশ্বের ১২৪টি দেশের মধ্যে বায়ুদূষণে আজ শুক্রবার শীর্ষে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয়। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। শীতের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার কারণে বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথমদিকেই থাকছে রাজধানী ঢাকা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের চারটি শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। এর মধ্যে ২৭৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হেনোয়, ২৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, ২৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইরাকের বাগদাদ, ২০৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে মিশরের কায়রো।
বাংলাদেশের ঢাকা ১৯৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। দূষণের মাত্রা কিছুটা কম হলেও শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’। এদিকে ভারতের দিল্লিরও পরিস্থিতিও ঢাকার মতো। ১৮৯ স্কোর নিয়ে তালিকার সপ্তম অবস্থানে শহরটি।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
