রাজধানীর ধলপুরে দক্ষিণ সিটির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ধলপুরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করতে নতুন যানবাহন হস্তান্তর এবং চালক-মেকানিকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
শনিবার (১৪ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে উজ্জীবিত হয়ে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিক এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্তমানে ডিএসসিসির মাসব্যাপী ‘ক্রাশ প্রোগ্রাম’ চলমান রয়েছে, যার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘জনস্বার্থ রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও সড়কবাতির উন্নয়নে কোনও ধরনের শৈথিল্য দেখানো হবে না।’
অবৈধ দখলদারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রশাসক বলেন, ‘জলাবদ্ধতা নিরসন এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতায় যেকোনো মূল্যে খাল ও জলাধারের জায়গা পুনরুদ্ধার করা হবে।’
এই অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। এ সময় তারা এলাকার ড্রেন, নালা ও ফুটপাত থেকে জমে থাকা বর্জ্য অপসারণ করেন। পাশাপাশি মশা নিধনের জন্য ওষুধ ছিটানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে একটি র্যালিও আয়োজন করা হয়।
