১৭ দিনে বইমেলায় বিক্রি কত হলো?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি: সংগৃহীত
অমর একুশে বইমেলার ১৭ দিনে প্রায় ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে মেলা পরিচালনা কমিটি। মেলার সার্বিক বিক্রির এই পরিসংখ্যান পাঠক ও প্রকাশকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
রোববার (১৫ মার্চ) সমাপনী অনুষ্ঠানে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠানের দেওয়া হিসাব অনুযায়ী বিক্রির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা। তবে ৫৭০টি প্রকাশনা সংস্থার গড় বিক্রির ওপর ভিত্তি করে মোট বিক্রির পরিমাণ ১৭ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে বাংলা একাডেমি তাদের নিজস্ব স্টল থেকে ১৭ লক্ষ ৪ হাজার ৬২৯ টাকার বই বিক্রি করেছে।
এদিকে, মেলার তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী ১৪ মার্চ পর্যন্ত ১ হাজার ৭৭১টি নতুন বই জমা পড়েছে। তবে অনেক প্রতিষ্ঠান তথ্যকেন্দ্রে বই জমা না দেওয়ায় নতুন বইয়ের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এই সময়ের মধ্যে মোট ২৫২টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মেলা পরিচালনা কমিটির প্রতিবেদনে বলা হয়, ‘অনেক ক্ষেত্রে বড় প্রকাশনা প্রতিষ্ঠানের তুলনায় কম ইউনিট পাওয়া প্রকাশনা সংস্থার বিক্রি বেশি হয়েছে। মেলায় ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে বাংলা একাডেমিসহ সব প্রতিষ্ঠানের বই।’
জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে এবারের অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ের কিছুটা পরে, ২৬ ফেব্রুয়ারি শুরু হয়। স্বল্প পরিসরে মাত্র ১৮ দিন স্থায়ী এই মেলায় এখন পর্যন্ত বিক্রির হার সন্তোষজনক হলেও গত কয়েক বছরের তুলনায় তা বেশ কম। মেলা পরিচালনা কমিটির তথ্যমতে, গত বছর মাসব্যাপী মেলায় প্রায় ৪০ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। এর আগে ২০২৪ সালে ৬০ কোটি এবং ২০২৩ সালে প্রায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। সময়সীমা কমে আসায় এবারের মোট বিক্রির অংক গত বছরের তুলনায় অনেকটাই নিচে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কাসেম ফজলুল হক এবং প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
