×

জাতীয়

দুই ঈদে ‘গৃহবন্দী’ রাষ্ট্রপতি এবার ‘মুক্ত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম

দুই ঈদে ‘গৃহবন্দী’ রাষ্ট্রপতি এবার ‘মুক্ত’

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হবার পর, অন্তর্বর্তী সরকারের সময়কালে যে দুটো ঈদ উদযাপিত হয়েছিলো, তার কোনোটিতেই ‘আওয়ামী লীগ মনোনীত’ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বঙ্গভবনের বাইরে ঈদের নামাজ আদায় করতে দেখা যায়নি। ২০২৫ সালের ৩১ মার্চ ঈদ-উল-ফিতর এবং ২০২৫ সালের ৭ জুন ঈদ-উল-আজহা -এই দুই ঈদেই রাষ্ট্রপতির বঙ্গভবনের মসজিদে নামাজ আদায় করেছিলেন বলে জানা যায়।

কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেছিলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দীর্ঘ দেড় বছরের মতো সময় তাঁকে কার্যত ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছিলো, যা তাঁর ঐতিহ্যবাহী ঈদের নামাজ আদায়ের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছিলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয় পেয়ে বিএনপি সরকার ক্ষমতায় বসার এক মাস পরই শনিবার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে দেখা গেলো, সেটাও আবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাঝে।

আরো পড়ুন: তিন যুগ পর একসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়

নামাজ শেষে প্রধানমন্ত্রী ও মির্জা ফখরুলসহ বিএনপির নেতৃস্থানীয়দের অনেকের সঙ্গে রাষ্ট্রপতিকে অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে শুভেচ্ছা বিনিময় ও কুলাকুলি করতেও দেখা গেছে এবার। সংশ্লিষ্টদের মতে, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করায় এই পরিবর্তন সম্ভব হয়েছে।

রেওয়াজ অনুযায়ী এবার ঈদের দিন বঙ্গভবনে রাষ্ট্রপতি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানা গেছে। আর, চলতি সপ্তাহে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও অংশ নেয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের।

বিগত দেড় বছরের তথ্য-উপাত্ত ঘেঁটে দেখা যায় যে, ২০২৫ সালের ৭ জুন ঈদ-উল-আজহায় বঙ্গভবনের বাইরে না গেলেও, সেদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তাঁর স্ত্রী বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছিলেন। সেদিন আরও কয়েকজন অতিথি রেওয়াজ অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছিলেন বলেও জানা গিয়েছিলো।

কিন্তু এর মাস দুয়েক আগে, ওই বছরের ৩১ মার্চ ঈদ-উল-ফিতরের দিন রাষ্ট্রপতির সঙ্গে কাউকে দেখা করতে কিংবা শুভেচ্ছা জানাতে যাওয়ার রীতিও বন্ধ ছিলো। তবে ঈদের আগের দিন দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন সংস্করণে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম উদ্ধৃত করে ‘বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিলো।

প্রসঙ্গত, এ বছরের ২৪ ফেব্রুয়ারি ‘কালের কণ্ঠে’ প্রকাশিত এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অভিযেগ করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে তাকে বঙ্গভবনের ভেতরেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। তাঁর বক্তব্য ছিলো, ‘এটা যেন প্রাসাদে গৃহবন্দি অবস্থা’। রাষ্ট্রপতি অভিযোগ করেছিলেন, ওই সময়ে তাকে জাতীয় ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করতে দেওয়া হয়নি এবং নিরাপত্তা বিভাগের মাধ্যমে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে তিনি জাতীয় ঈদগাহে যেতে পারবেন না।

ঈদের নামাজের পাশাপাশি চিকিৎসার জন্যও তাকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার মুখোমুখিও হতে হয়েছিলো বলেও ওই সাক্ষাৎকারে সুনির্দিষ্ট অভিযোগ তুলেছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এটাও জানিয়েছিলেন যে, সেনাবাহিনীর পূর্ণ সমর্থন এবং বিএনপির আশ্বাস তাকে সেই অবস্থায় টিকে থাকতে সাহায্য করেছিলো। ‘রাষ্ট্রপতি হিসেবে তার পরাজয় তাদের পরাজয়, এবং তারা কোনো অসাংবিধানিক কাজ হতে দেবেন না’ -সশস্ত্র বাহিনীর প্রধানদের এমন সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছিলেন বলেও ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন রাষ্ট্রপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

ভাঙ্গায় ঈদের নামাজ শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

ভাঙ্গায় ঈদের নামাজ শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ-শুভেচ্ছা বিনিময়

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ-শুভেচ্ছা বিনিময়

হুমকির মাঝেই তেহরানে বিশাল ঈদের জামাত

হুমকির মাঝেই তেহরানে বিশাল ঈদের জামাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App