বাংলাদেশিদের জন্য ১৩ দেশের ভিসা সতর্কতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৩টি দেশ যৌথভাবে একটি নির্দেশনা জারি করেছে।
বুধবার(৮ এপ্রিল) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ নির্দেশনা প্রকাশ করে।
নির্দেশনায় বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বিশেষ করে জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। এসব অনিয়মের ফলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে জটিলতা এবং আইনি ঝুঁকি তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, কোনো দেশের দূতাবাস বা মিশন ভিসা প্রক্রিয়ায় কোনো এজেন্টের সঙ্গে যুক্ত নয়। তাই বিশেষ সুবিধা বা দ্রুত ভিসার প্রতিশ্রুতি দেওয়া মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের যাচাইকৃত তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমেই সব ধরনের ভিসা কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এতে আবেদন প্রক্রিয়া আরও নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য হবে বলে মনে করছে সংশ্লিষ্ট দেশগুলো।
যৌথভাবে নির্দেশনা প্রদানকারী দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
