২৬ দিনে হামে আক্রান্ত ২ হাজার ছাড়ালো
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি: সংগৃহীত
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ১৫ মার্চ থেকে মাত্র ২৬ দিনের ব্যবধানে হামের নিশ্চিত ও উপসর্গজনিত কারণে ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জনে।
বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে ১ জনসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নিশ্চিত হামে ২৩ জন এবং সন্দেহজনক উপসর্গে আরও ১৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন শিশু, আর সন্দেহজনকভাবে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২০ জন।
ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, এরপর রয়েছে রাজশাহী বিভাগ।
গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা গেছে, শুধুমাত্র ঢাকা বিভাগেই ১৫০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক লক্ষণ নিয়ে আরো ৫০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ টিকাদানে ঘাটতি ও সচেতনতার অভাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
