রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে না পারায় দুঃখ প্রকাশ করলেন নিজান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, তিনি রাষ্ট্রপতির চেয়ারকে ধন্যবাদ জানালেও ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ধন্যবাদ জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নিজান বলেন, “রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান জানাই, কিন্তু ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে ধন্যবাদ দিতে না পারায় আমি দুঃখিত।”
তিনি আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানে শহিদদের স্মরণ করে তিনি তাদের পরিবারের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থানকে সম্মান জানানো হবে।
বক্তব্যে তিনি দাবি করেন, একসময় সংসদ ভবনে লুকিয়ে রাখা অর্থের খবর ছড়িয়ে পড়ার পর সেখানে তল্লাশি চালানো হয়েছিল এবং বিপুল অর্থ উদ্ধার হয়।
তিনি আরও বলেন, গণভবনের ইট পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছিল, যা বিএনপি বা জামায়াতের লোকেরা করেনি, বরং সাধারণ মানুষ ও শ্রমজীবীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল।
নিজান অতীত সংসদীয় পরিস্থিতির সমালোচনা করে বলেন, তৎকালীন সময়ে সংসদে বিরোধী দলের নেতাদের নিয়ে অশোভন বক্তব্য ব্যবহার করা হতো, যা সংসদীয় সংস্কৃতির পরিপন্থী ছিল।
তিনি বলেন, তবুও সেই সময়েও তারা সংসদে অংশগ্রহণ করেছিলেন।
সংসদে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি অতীত রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন সরকারদলীয় এই হুইপ।
