দুর্ঘটনায় প্রাণহানি কমাতে বিআরটিএর নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম
ছবি : সংগৃহীত
গণপরিবহন দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) ব্যবস্থা নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় লাগানো স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বাস থেকে বের হতে না পারায় অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনা ঘটে। তাই নিরাপদে দ্রুত বের হওয়ার পথ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার বা রেলক্রসিং অতিক্রমের সময় দুর্ঘটনায় পড়লে অনেক সময় যাত্রীরা দরজা বা জানালা দিয়ে দ্রুত বের হতে পারেন না। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
এ কারণে এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) চিহ্ন রাখতে হবে। পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য উপযুক্ত উপকরণ রাখতে হবে, যাতে দুর্ঘটনার সময় দ্রুত বের হওয়া সম্ভব হয়।
অন্যদিকে, নন-এসি গণপরিবহনের ক্ষেত্রে জানালায় পর্দা লাগানোর জন্য ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিআরটিএ বলছে, এসব রড থাকলে দুর্ঘটনার সময় যাত্রীদের বের হওয়া বাধাগ্রস্ত হয়। তাই এসব রড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিআরটিএর মতে, এই নির্দেশনা বাস্তবায়িত হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত উদ্ধার সম্ভব হবে এবং প্রাণহানির ঝুঁকি কমবে।
সংস্থাটি সংশ্লিষ্ট বাস মালিক ও চালকদের নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে।
