মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭
কাগজ প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪টি ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার রাত পৌনে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার হিমারদীঘি (আমতলী) কেরানীরটেক এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ডিবি পুলিশের সদস্যরা হলেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরে আলম, কনস্টেবল আরিফুল ইসলাম, কনস্টেবল রাকিবুল ইসলাম এবং নারী কনস্টেবল জাহানারা বেগম। আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, শাহীন (৩৬), সোহেল (২৮), রায়হান (১৯), রওশন আরা (৩০), সুমি আক্তার (২৪), নূরজাহান (৫৩) এবং বিউটি আক্তার (৫৬)। এ ঘটনায় একাধিক মাদক মামলার আসামি পলাতক রুনা আক্তারসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালাতে গেলে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
