×

জাতীয়

তারেক রহমান

সিলেটের মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০২:২২ পিএম

সিলেটের মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ছবি: ভোরের কাগজ

সিলেটের সামগ্রিক উন্নয়নে একগুচ্ছ নতুন পরিকল্পনা ও উন্নয়ন উদ্যোগের বিস্তারিত রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে সিলেট নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি যোগাযোগ, স্বাস্থ্য, শিল্পায়ন ও পরিবেশ রক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করেন। সিলেট-ঢাকা যাতায়াতের দুর্ভোগ লাঘবে মহাসড়ক প্রশস্তকরণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন।

সমাবেশে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী প্রচারণার স্মৃতিচারণ করে বলেন, "সিলেট থেকে বিমানে লন্ডন যেতে যে সময় লাগে, সড়কপথে ঢাকা যেতে তার চেয়ে বেশি সময় ব্যয় হওয়া অত্যন্ত দুঃখজনক।" এই সংকট নিরসনে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজে জমি অধিগ্রহণ সংক্রান্ত যে ১১টি জটিলতা ছিল, তা ইতিমধ্যে সমাধান করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব দ্রুততম সময়ের মধ্যে এই মহাসড়কের কাজ শুরু হবে, যা শেষ হলে সিলেটবাসীর দীর্ঘদিনের ভোগের অবসান ঘটবে। সড়কপথের পাশাপাশি রেলের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, ফসলি জমি রক্ষা ও যানজট কমাতে ঢাকা-সিলেট রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

ছবি: ভোরের কাগজ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিলেটে বর্তমানে পরিত্যক্ত অবস্থায় থাকা ২০০ শয্যার হাসপাতালটি দ্রুত সচল করার পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ১২০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া রোগ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন তিনি, যার মধ্যে ৮০ শতাংশই হবেন নারী। এই স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে গিয়ে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করবেন।

সিলেটের ঝিমিয়ে পড়া শিল্প খাতকে চাঙ্গা করতে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো প্রয়োজনে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বিশেষ গুরুত্ব দেন সিলেটের আইটি পার্কের ওপর, যা দ্রুত সচল করে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আশ্বাস দেন। এ ছাড়া দেশের ভোকেশনাল সেন্টারগুলোকে যুগোপযোগী করে গড়ে তোলার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে সুরমা তীরের মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসীর দীর্ঘদিনের পানিজট সমস্যার স্থায়ী সমাধান হবে। এ ছাড়া পরিবেশ রক্ষায় খাল খনন এবং নদীর প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে এবং শিশুদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং হুইপ জিকে গউছ। সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

বিল ডাকাতিয়া পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

কৃষিমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App