ডা. জুবাইদা রহমান
স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়; এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হলেও সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো নাগরিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করা হয় ‘ঢাকা-১৭ আসনের স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে, যা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিচালনা করে।
ডা. জুবাইদা রহমান বলেন, আজ আমরা কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার মানুষের জন্য সহজ ও সর্বাত্মক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি। তিনি জানান, সরকারি হাসপাতালগুলো বর্তমানে অতিরিক্ত চাপের মুখে রয়েছে এবং স্বাস্থ্যকর্মীরাও নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করছেন।
তিনি আরও বলেন, দেশে স্বাস্থ্য ব্যয়ের বড় একটি অংশ সাধারণ মানুষকে নিজেরাই বহন করতে হয়, ফলে অসুস্থতা অনেক সময় দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়।
তার মতে, লক্ষ্য হওয়া উচিত- কোনো মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। নবজাতক থেকে শুরু করে প্রবীণ নাগরিক এবং গর্ভবতী নারীরা যেন সহজে ও দ্রুত চিকিৎসা সেবা পান।
তিনি বলেন, এই এলাকার মানুষ দেশের অর্থনীতি ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেকেই প্রাথমিক চিকিৎসার জন্যও ফার্মেসির ওপর নির্ভর করেন। এটি পরিবর্তন করা জরুরি।
ডা. জুবাইদা রহমান স্বেচ্ছাসেবকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে এবং মানুষকে সঠিক স্বাস্থ্যসেবার দিকে নিয়ে যেতে স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে।
অনুষ্ঠানের আগে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং ৫০ শয্যার আইসিইউ, প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টার উদ্বোধন করেন। পরে তিনি আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও চিকিৎসা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা স্বাস্থ্যখাতে চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন এবং সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন আইসিইউ ইউনিটে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল দিয়ে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা হয়েছে, যাতে গুরুতর রোগীরা দ্রুত ও উন্নত চিকিৎসা পান।
