স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে আজ ইসির বৈঠক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:১০ এএম
ছবি: সংগৃহীত
দলীয় প্রতীক বাদ দিয়ে এরই মধ্যে সংসদে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের আইন পাস হয়েছে। এবার এসব প্রতিষ্ঠানের বিধিমালা সংশোধনের কাজে হাত দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বুধবার) স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসবে নির্বাচন কমিশনার(ইসি)।
মঙ্গলবার (১২ মে ) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১৩ মে) আমরা বৈঠকে বসব। কোনো সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সিটি নির্বাচন নাকি পৌর নির্বাচন, কোনটি আগে হবে, তা নিয়ে এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।
বিধিমালা সংশোধনের বিষয়ে তিনি বলেন, অনলাইনে মনোনয়ন জমার সুযোগ না রাখা এবং এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের সমর্থনের নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়ার চিন্তা রয়েছে। জামানতের টাকার পরিমাণ বাড়ানোর চিন্তা করা হচ্ছে বলেও জানান এ নির্বাচন কমিশনার।
বর্তমান কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পোস্টারে প্রচার তুলে দিয়েছে। অনলাইনে প্রচারের বিধান করেছে। বাড়িয়েছে জামানত। এছাড়া নির্বাচনী অপরাধের শাস্তির বিধানেও পরিবর্তন এনেছে। সে বিষয়গুলোও স্থানীয় সরকার নির্বাচনের বিধিতে যোগ হতে পারে।
অন্যদিকে সংসদ নির্বাচনের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারও বিধি থেকে বাদ দেওয়া হবে। থাকবে না দলীয় প্রতীকও।
