জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি : সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। একই সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী দেশগুলোর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রাজধানীতে বেসরকারি সংস্থা ছওয়াবের উদ্যোগে আয়োজিত ‘দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু সহনশীলতা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় তরুণদের যুক্ত করে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে একক উদ্যোগ নয়, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কার্যকর সমাধান সম্ভব বলে তিনি মত দেন।
ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থার সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি তরুণদের আরও বেশি করে এসব কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দেন।
সংস্থাটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মু. বোরহান উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী দেশগুলোর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
