ইসরায়েলি পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:০০ পিএম
ছবি- সংগৃহীত
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আগাম নির্বাচন ও পার্লামেন্ট বিলুপ্ত করা সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। আজ বুধবার (২০ মে) বিলটির পক্ষে ভোট দেন ১১০ জন আইনপ্রণেতা। এর বিপক্ষে কোনো ভোট পড়েনি বলে জানিয়েছেন নেসেটের স্পিকার আমির ওহানা। তবে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকের কারণে ভোটাভুটির সময় নেসেটে উপস্থিত ছিলেন না দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এই বিল অনুমোদনের ফলে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হলো। সাম্প্রতিক একাধিক জরিপ বলছে, আগাম নির্বাচন হলে নেতানিয়াহুর পরাজিত হওয়ার আশঙ্কা বেশি। এমনকি নির্ধারিত সময়ে নির্বাচন হলেও নেতানিয়াহু এবং তাঁর দল লিকুদ পার্টির জয়ের সম্ভাবনা ক্ষীণ।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিলটি চূড়ান্ত আইনে পরিণত হওয়ার আগে আরও পর্যালোচনার প্রয়োজন হবে। ইসরায়েলে সর্বশেষ সাধারণ নির্বাচন হয়েছিল ২০২২ সালের মে মাসে। সংবিধান অনুযায়ী, পরবর্তী নির্বাচন হওয়ার কথা চলতি ২০২৬ সালের ২৭ অক্টোবরে। বিলটি পাসের পর এখন আগাম নির্বাচনের নতুন তারিখ নিয়ে আলোচনা শুরু হবে।
বিশ্লেষকদের ধারণা, আগামী সেপ্টেম্বর নাগাদ এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে তারিখ নিয়ে ঐকমত্য না হলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অক্টোবরেই ভোট হবে।
পার্লামেন্ট বিলুপ্তির প্রধান কারণ হিসেবে কট্টরপন্থি ইহুদি দলগুলোর দাবির বিষয়টি সামনে এসেছে। ঐতিহাসিকভাবে এসব দল লিকুদ পার্টি ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। তবে চলতি মাসে দলগুলো জানায়, তারা নেতানিয়াহুকে আর জোট শরিক হিসেবে দেখতে চায় না। তারা এখন আগাম নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে।
সাম্প্রতিক একাধিক জরিপ বলছে, সাধারণ ভোটারদের বড় অংশ তো বটেই, এমনকি জোটসঙ্গী দলগুলোও নেতানিয়াহুর ওপর আস্থা হারিয়েছে। তবে এর পরও তারা এখনই লিকুদ পার্টির জোট থেকে বেরিয়ে যাচ্ছে না। কারণ, এই মুহূর্তে সরকারের পতন হলে নির্বাচনের আগে নতুন আরেকটি সরকার গঠন করা অত্যন্ত কঠিন হবে।
