ঈদের দিন ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন অনেকটাই ফাঁকা চিড়িয়াখানায় ভীড় লক্ষ্য করা যায় একমাত্র ‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাখা ‘এল-০৭’ খাঁচার বাইরে।
খাঁচার সামনে এই মহিষটির একটি পরিচয়ও ঝুলিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে লেখা, ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’। আর ইংরেজিতে লেখা ‘অ্যালবিনো বাফেলো’।
‘ডোনাল্ড ট্রাম্প’-এর খাঁচার সামনে দর্শনার্থী অনেক বেশি হওয়ায় সেখানে নিরাপত্তার দায়িত্বে একদল ট্যুরিস্ট পুলিশ সদস্যকে দেওয়া হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান জানান, ডোনাল্ড ট্রাম্পকে বুধবার রাত ১১টার সময় আনা হয়েছে।
যখন গাড়ি থেকে নামানো হয়, তখন দেখা যায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ গায়ে সম্ভবত আঁচড় লেগেছে উল্লেখ করে কিউরেটর বলেন, ‘সেই আঁচড় খুব ছোট। সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। ঠিক হয়ে যাবে।’
অ্যালবিনো জাতের এ মহিষের চুল ও চোখ দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন–পালন করা হচ্ছিলো।
