বিপুল পরিমাণ পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি: ফাইল ফটো
চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাসকৃত পণ্য নিষ্পত্তির লক্ষ্যে ১০২ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
মঙ্গলবার (২ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের কর্মউপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কনটেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে কাস্টমস হাউস চট্টগ্রাম নিয়মিতভাবে অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য বিক্রির উদ্যোগ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় জুন ২০২৬ মাসে নিলামযোগ্য ১০২ কনটেইনার পণ্য ই-অকশন (অনলাইন নিলাম) পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশে ‘ই-অকশন-৬/২০২৬’ এর আওতায় ৪৪টি লটে এসব পণ্য নিলামে বিক্রি করা হবে। নিলামযোগ্য পণ্যের মধ্যে রয়েছে—বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইমস্টোন, ফেব্রিকস, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার এবং বিভিন্ন গৃহস্থালি পণ্য।
এনবিআর জানিয়েছে, এসব পণ্যচালানের ক্ষেত্রে কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি। ফলে প্রতিযোগিতামূলক দরপত্রের ভিত্তিতেই পণ্য বিক্রি হবে।
নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। আগ্রহী বিডাররা (দরদাতা) সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ পাবেন এবং পরে অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন।
বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধন করে অনলাইনে বিড করা যাবে। তবে অনলাইন আবেদন জমা দেওয়ার পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে দাখিল করতে হবে।
সর্বোচ্চ দরদাতাদের ‘আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪’ এর প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্য খালাস নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৮ জুন সকাল ১১টায় ই-অকশন-৬/২০২৬ এর দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। নিলামসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের ই-অকশন পোর্টাল পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে।
চট্টগ্রাম বন্দরকে কনটেইনার জটমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
