সাবেক এমপি আনোয়ারুল হক আর নেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম
ফাইল ছবি
মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক মারা গেছেন।
রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এবিএম আনোয়ারুল হকের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আনোয়ারুল হক। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তার উদ্যোগে জাফরগঞ্জ বেরীবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। এছাড়া নিজ নির্বাচনি এলাকায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
