রাশেদ প্রধান
ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাওয়ার বিষয়ে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, “আমরা এই বিষয়ে ভারত সরকারকে আন্তরিকভাবে সাহায্য করতে চাই। তাই সবার আগে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠান।”
শুক্রবার (৮ মে) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের জাগপায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারতের হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের সমালোচনা করে জাগপা মুখপাত্র বলেন, শুভেন্দু অধিকারী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাঁকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, “আমরা বলি, দয়া করে শেখ হাসিনাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠান, আমরা তাঁকে সসম্মানে ‘স্যালুট’ দিয়ে জেলখানায় পৌঁছে দেব। গণহত্যাকারী এই ফ্যাসিস্টের জন্য ফাঁসির কাষ্ঠ প্রস্তুত আছে।”
রাশেদ প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং দেশের জনগণ শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব ও বিচার দেখতে অপেক্ষায় আছে।
সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বিএনপিকে দেখে মনে হয় তারা ভারতের নির্দেশে আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কার্যক্রম সম্পন্ন করতে চায়। আমাদের দাবি স্পষ্ট, গণভোটের ভিত্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে সরকারকেও গণআন্দোলনের মুখোমুখি হতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতা-কর্মী জাগপায় যোগদান করেন। তাদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জাগপায় যোগদানের মাধ্যমে তারা মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন।
যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মো. মুজিবুর রহমান প্রমুখ।
