জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে জামায়াত: ড. আযাদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:২০ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথ- উভয় ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী।
শনিবার (১৬ মে) ফরিদপুর অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, সরকার জনগণের কল্যাণমূলক ও ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাতে সহযোগিতা করবে। তবে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদের পাশাপাশি রাজপথেও প্রতিবাদ অব্যাহত রাখবে জামায়াত।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি বর্তমানে জনগণের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। জনগণের প্রত্যাশা পূরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই কার্যকর ও গণমুখী ভূমিকা পালন করবে। তিনি সতর্ক করে বলেন, সরকার যদি জনগণের দাবি ও জুলাই সনদের বিষয়গুলো উপেক্ষা করে, তাহলে গণমানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
ড. হামিদুর রহমান আযাদ সাম্প্রতিক সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে অসংখ্য শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি সীমান্তে লাগাতার হত্যাকাণ্ডের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন এবং এসব হত্যাকাণ্ড বন্ধে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি সংগঠনের জনশক্তির উদ্দেশে চরিত্র গঠন, আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে ফরিদপুর অঞ্চলের অন্তর্ভুক্ত পাঁচ জেলার কর্মপরিষদ সদস্য এবং আঞ্চলিক টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। শিক্ষা শিবিরে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক প্রশিক্ষণ, দায়িত্বশীলতা এবং সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
সমাপনী অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ শিক্ষা শিবির জনশক্তির মানোন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
